logo

ক্রিকেটের খবরেও নিষেধাজ্ঞা, আফগানিস্তানে তালেবানের নতুন নির্দেশ

ক্রিকেটের খবরেও নিষেধাজ্ঞা, আফগানিস্তানে তালেবানের নতুন নির্দেশ
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: আফগান ক্রিকেট বোর্ড

আফগানিস্তান ম্যাচ জিতলেও সেই সুখবর জানাতে পারবে না রেডিও স্টেশনগুলো। ক্রিকেটের সরাসরি ধারাভাষ্য তো দূরের কথা, খেলাটি নিয়ে কোনো সংবাদ কিংবা অনুষ্ঠান প্রচারেও নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। তবে গোটা আফগানিস্তানে নয়, আপাতত এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে। ক্রিকেটপাগল আফগানদের কাছে এমন সিদ্ধান্ত বিস্ময়করই বটে।

রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রিকেটসংক্রান্ত কোনো অনুষ্ঠান, ধারাভাষ্য কিংবা সংবাদ প্রচার করতে পারবে না স্থানীয় রেডিও স্টেশনগুলো।

গত শনিবার (১৪ নভেম্বর) কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটের ধারাভাষ্য ও সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল জানানোও যাবে না।’

ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেন, ক্রিকেট নিয়ে যেকোনো ধরনের রেডিও সম্প্রচারই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নিজের পরিচয়ও গোপন রাখার অনুরোধ জানান তিনি।

কান্দাহারের একটি রেডিও স্টেশনের প্রধান জানিয়েছেন, প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাদের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ‘তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আমাদের ফোন করা হয়েছিল। তারা জানিয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো কিছু প্রচার করা যাবে না।’

একই ধরনের নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রদেশটির আরেকটি রেডিও স্টেশনের ব্যবস্থাপক। তার ভাষ্য, কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটসংক্রান্ত সব ধরনের সম্প্রচার বন্ধ রাখতে হবে। নিরাপত্তার কারণে দুই রেডিও কর্মকর্তাই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

আফগানিস্তানের সংবাদমাধ্যম হাশত-ই সুবহ জানিয়েছে, লিখিত কোনো নির্দেশনা ছাড়াই মৌখিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি কান্দাহারের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটের সরাসরি ধারাভাষ্য ও বিশেষ অনুষ্ঠানের সংখ্যা বেড়েছিল। এসব অনুষ্ঠান স্থানীয় শ্রোতাদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

অথচ এমন একসময় ক্রিকেটের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হলো, যখন আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল নিয়মিত সাফল্য পাচ্ছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল আফগানরা। রশিদ খানদের সেই সাফল্য দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল বড় আনন্দের উপলক্ষ।

নিষেধাজ্ঞার খবর প্রকাশের সময়ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিল আফগানিস্তান দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছিল তারা। অথচ নতুন নির্দেশনার কারণে কান্দাহারের স্থানীয় রেডিও স্টেশনগুলো এই ম্যাচের খবর কিংবা ফলাফলও প্রচার করতে পারবে না।

বিষয়টি আরও বিস্ময়কর কারণ, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান প্রশাসন এর আগে প্রকাশ্যে ক্রিকেটকে সমর্থন দিয়েছে। গত আগস্টেও নিজেদের ক্ষমতায় ফেরার বার্ষিকী উপলক্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল তারা। পুরুষদের ক্রিকেট খেলার অনুমতিও বহাল রেখেছে তালেবান কর্তৃপক্ষ।

তবে আফগানিস্তানে খেলাধুলার ওপর বিধিনিষেধ নতুন কিছু নয়। তালেবান সরকার এর আগে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) নিষিদ্ধ করেছে। অন্যদিকে নারী ও মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ এবং জিমে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে নারীদের খেলাধুলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে অবশ্য ক্রিকেট খেলা নিজেই নিষিদ্ধ করা হয়নি। পুরুষ ও কিশোরদের ক্রিকেট খেলার ওপর নতুন কোনো বিধিনিষেধের খবর পাওয়া যায়নি। নিষেধাজ্ঞাটি শুধু কান্দাহারের রেডিও স্টেশনগুলোর ক্রিকেটসংক্রান্ত সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য।

কান্দাহারের বিশেষ গুরুত্বও রয়েছে আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থায়। তালেবানের সর্বোচ্চ নেতার অবস্থান এই প্রদেশেই। ফলে সেখানকার প্রশাসনের এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নিষেধাজ্ঞাটি কেন্দ্রীয় সরকারের নির্দেশে জারি করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এএফপি। কিন্তু প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট