logo

দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান/ইরানি জেনারেলকে অপহরণের পর হত্যা করে মোসাদ

ইরানি জেনারেলকে অপহরণের পর হত্যা করে মোসাদ
ইসরায়েলি সামরিক বাহিনী গত মার্চে লেবাননের নবি চিতের একটি কবরস্থানে অভিযান চালায়। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

ইসরায়েলি পাইলট রন আরাদের নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনে ইরানের দুই জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের একজনকে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় কৃষ্ণসাগরে। অন্যজনকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয়। তবে দুই জেনারেলের কেউই নিখোঁজ ইসরায়েলি পাইলট সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরায়েলি বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিস্ফোরিত হয়। এতে ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হয়ে আসতে বাধ্য হন ২৮ বছর বয়সী পাইলট রন আরাদ। পরে তাকে লেবাননের শিয়া রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী আমাল আটক করে।

ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, আরাদকে একপর্যায়ে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধারণার ভিত্তিতে কয়েক দশক ধরে ইরানের সংশ্লিষ্টতা খুঁজতে অভিযান চালায় ইসরায়েল। তবে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একাধিক মূল্যায়নেই আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ইস্তাম্বুল থেকে অপহরণ ইরানি জেনারেলকে

২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জেনারেল আলিরেজা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান। তিনি দেশটির সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। সেখানে সিলান হোটেলে ওঠার পর নিখোঁজ হন তিনি।

নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সাবেক তিন কর্মকর্তা জানিয়েছেন, মোসাদের সদস্যরা আসগারিকে অপহরণ করে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মূল লক্ষ্য ছিল নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদ সম্পর্কে তথ্য পাওয়া।

কিন্তু আসগারির কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও তাকে হত্যা করা হয়। সাবেক এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কৃষ্ণসাগরে নিয়ে একটি নৌযানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরে কৃষ্ণসাগরে তার মরদেহ ফেলে দেওয়া হয়।

আসগারির স্ত্রী জিবা আহমাদি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের তদন্তকারীরা তাকে বলেছিলেন, ইসরায়েলি এজেন্টরা হোটেলকক্ষে ঢুকে তার স্বামীকে মাদক প্রয়োগ করে অপহরণ করেছিল। পরে অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ফ্রিজের বাক্সে ঢুকিয়ে আরেক জেনারেলকে অপহরণ

আসগারিকে অপহরণের পরও রন আরাদের বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় অভিযান বন্ধ করেনি মোসাদ। ২০২১ সালের সেপ্টেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্কে আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে ইসরায়েলি গোয়েন্দারা।

প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক এলাকায় সকালে দৌড়াতে বের হয়েছিলেন সাবেরি। এ সময় ছদ্মবেশে থাকা মোসাদের সদস্যরা একটি বড় ফ্রিজের বাক্স নিয়ে তার অপেক্ষায় ছিলেন। তারা সাবেরিকে আটক করে একটি সাদা ভ্যানে তুলে নিয়ে যান।

পরে তাকে ইসরায়েলে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। রন আরাদের বিষয়ে তথ্য জানতে তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় জীবিত ফেলে আসা হয়। সাবেরি পরে নিজেও নির্যাতনের শিকার হওয়ার কথা জানান।

তৎকালীন মোসাদপ্রধান ডেভিড বারনিয়া আরাদকে খুঁজে বের করার জন্য একটি অভিযান অনুমোদনের কথা স্বীকার করেছিলেন। তিনি অভিযানটিকে সাহসী ও দুঃসাহসিক বললেও শেষ পর্যন্ত ব্যর্থ বলে উল্লেখ করেন।

ভুল স্বীকার ইসরায়েলি কর্মকর্তাদের

নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের ধারণা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ইউভাল ডিসকিন ২০০৬ সালে রন আরাদ নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে পর্যালোচনা করেন।

তদন্তে তিনি দেখতে পান, আরাদকে ইরানে নেওয়া হয়েছিল বলে যেসব গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণ তৈরি করা হয়েছিল, সেগুলোর বেশির ভাগই ভুল ব্যাখ্যা, অবিশ্বস্ত তথ্য কিংবা গুরুতর ভুলের ওপর ভিত্তি করে তৈরি।

ইসরায়েলি সামরিক বাহিনীর নিখোঁজ সদস্য অনুসন্ধান ইউনিটের সাবেক প্রধান আভি কালোও ২০১৬ সালে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছান। তার মতে, ১৯৮৮ সালেই লেবাননের নাবি চিত গ্রামে আরাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি ইরানে ছিলেন না বলেই ধারণা করা হয়।

সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা রাজ জিমটও নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তেহরানের শাসকদের ওপর সব দায় চাপানোর স্বাভাবিক প্রবণতা থেকে তারা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

লেবাননের একই গ্রামেই নিহত ৪১

প্রতিবেদনে বলা হয়েছে, রন আরাদকে প্রথমে লেবাননের নাবি চিত গ্রামে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। পরে সেখানেই তার মৃত্যু ও দাফন হওয়ার সম্ভাবনা নিয়ে তদন্ত চালায় হিজবুল্লাহ ও ইরানের একটি যৌথ দল। তাদের অনুসন্ধানে ১৯৮৮ সালে আরাদের মৃত্যুর ধারণা উঠে আসে।

এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকর নিখোঁজ হন। তিনি একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরায়েলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহমদ শাকুরের ভাই নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে রন আরাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আহমদ শাকুরের ভাতিজি রানা শাকুরও দাবি করেছেন, তার চাচার সঙ্গে আরাদের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক ছিল না।

এ দিকে, চলতি বছরের মার্চে নাবি চিত গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ৬ ও ৭ মার্চ দুই দিনে ৪০টির বেশি হামলা চালানো হয়। ইসরায়েলি সেনারা গ্রামের একটি কবরস্থানে রন আরাদের মরদেহ খুঁজতে একটি কবরও খনন করেন। তবে সেখানে তার দেহাবশেষ পাওয়া যায়নি।

নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েক দশক ধরে ইরানকে দায়ী করে একের পর এক অভিযান, অপহরণ ও হত্যাকাণ্ড চালানোর পর এখন ইসরায়েলি কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় তেহরানের কোনো ভূমিকা ছিল না। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর ভুল ধারণা ও পূর্বনির্ধারিত বিশ্বাসই দীর্ঘদিন ধরে এই অনুসন্ধানকে ভুল পথে পরিচালিত করেছে।