আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী কিংবা সহযোগী যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

ডিসেম্বরে নেতাকর্মীদের দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আশঙ্কা, তারা কলকাতা বা পশ্চিমবঙ্গকেন্দ্রিক অবস্থান করছে। সে কারণে বেনাপোল ছাড়াও সাতক্ষীরা ও যশোর সীমান্ত ব্যবহার করতে পারে। মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা- পুরো এলাকাকেই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এ কারণে সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
সাইফুল আলম খান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে বিজিবি এবং গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধ, অনুপ্রবেশ বা সন্দেহজনক তৎপরতার তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।