logo

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
পটিয়া থানা, চট্টগ্রাম। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারেজ (২১) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারেজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মো. রামিন একই উপজেলার সুখছড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফায়েজ ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। অপরজন গুরুতর আহত ছিলেন। তাকে হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছেন তিনি।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাসের সঙ্গে সংঘর্ষে মো. ফারেজ নামে এক মোটরসাইকেলচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি প্রবাসী বলে জেনেছি। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।