যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানলে বাড়তি সুবিধা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিশুদের পড়াশোনায় সহায়তার জন্য টিউটর নিয়োগ দিচ্ছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল)। ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে এ পদে কাজের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘণ্টায় দেওয়া হবে ২২ ডলার। নিয়োগের ক্ষেত্রে বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
লাইব্রেরির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আফটার স্কুল কর্মসূচির জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর লক্ষ্য স্কুলের পর শিশুদের পড়াশোনায় সহায়তা করা। ৬ থেকে ১২ বছর বয়সি শিশুরা লাইব্রেরিতে এসে বিনা মূল্যে হোমওয়ার্ক করতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে পারবে।
শিফট এবং মাসিক আয়:
তবে নিয়োগটি পূর্ণকালীন না, পার্টটাইম। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন কাজ করতে হবে। প্রতিদিনের কর্মঘণ্টা চার ঘণ্টা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শিফট নির্ধারণ করা হবে।
প্রতি ঘণ্টায় ২২ ডলার হিসাবে সপ্তাহে ১৬ ঘণ্টা কাজ করে আয় হবে ৩৫২ ডলার। এক মাসের হিসাবে তা দাঁড়ায় ১ হাজার ৪০৮ ডলার। তবে ছুটি, কর্মসূচির বিরতি ও স্কুল বন্ধের কারণে প্রকৃত আয় এর চেয়ে কম হতে পারে।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা এখনও স্নাতক সম্পন্ন করেননি, তারাও আবেদনের সুযোগ পাবেন। তবে তাদের স্নাতক পর্যায়ে অন্তত দুই বছরের পড়াশোনা শেষ করতে হবে।
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, শিশু বা কিশোরদের শিক্ষামূলক কার্যক্রমে কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ভাষায় দক্ষতা:
নিউইয়র্কের বিভিন্ন ভাষাভাষী পরিবারের শিশুদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে দ্বিতীয় ভাষায় দক্ষ প্রার্থীদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা ছাড়াও আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষার কথা উল্লেখ আছে। এ কারণে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা এই পদে বাড়তি সুবিধা পেতে পারেন।
কাজের ধরন:
টিউটরদের শুধু হোমওয়ার্ক বুঝিয়ে দিলেই চলবে না। শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহযোগিতা করতে হবে। গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলোতে সহায়তা করার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ ছাড়া শিশুদের উপস্থিতির তথ্য সংরক্ষণ, শিক্ষা উপকরণ প্রস্তুত ও বিতরণ এবং কর্মসূচির প্রয়োজনীয় প্রশাসনিক কাজ করতে হবে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং কোনো শিশুর বাড়তি সহায়তার প্রয়োজন হলে লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মীদের বিষয়টি জানানোও দায়িত্বের অংশ।
চাকরির মেয়াদ:
এই নিয়োগ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য। কর্মসূচিটি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলার কথা আছে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ থাকা, সরকারি ছুটি ও কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে কাজ করতে হবে না। গ্রীষ্মকালীন ছুটিতেও নিয়মিত দায়িত্ব থাকবে না।
তবে প্রয়োজন অনুযায়ী কর্মীদের স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে। এ জন্য নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও কিছু সময় দিতে হতে পারে। চাকরিটি লাইব্রেরিতে সরাসরি উপস্থিত থেকে করতে হবে।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটির বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশি আবেদনকারীদের ভিসা বা ওয়ার্ক পারমিটের নিশ্চয়তা দেওয়া হয়নি।
