logo

২০ বছর পর বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ, দিনক্ষণ জানাল আইসিসি

২০ বছর পর বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ, দিনক্ষণ জানাল আইসিসি
ছবি: কোলাজ

২০১১ সালে ভারতের বিপক্ষে মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দেশের মাটিতে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আয়োজনের সেই স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। ঠিক দুই দশক পর আবারও ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে এই আসর আয়োজন করবে বাংলাদেশ। এবার সেই বিশ্বকাপের শুরুর ও শেষের তারিখও চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে বোর্ড সভা শেষে ২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলোর সময়সূচি অনুমোদন করেছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী, ২০৩১ সালের ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হবে ২৩ নভেম্বর।

ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই সিদ্ধান্ত অবশ্য আগেই নেওয়া হয়েছিল। ২০২১ সালের ১৬ নভেম্বর আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করেছিল আইসিসি। তখন শুধু অক্টোবর-নভেম্বরে প্রতিযোগিতা আয়োজনের কথা জানানো হয়েছিল। এবার পাঁচ বছর আগেই নির্দিষ্ট সময়সীমা অনুমোদন করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে কোন দেশে কতটি ম্যাচ হবে, কোন কোন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে কিংবা উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের ভেন্যু কোথায়, সেসব বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি আইসিসি। পূর্ণ ম্যাচসূচি প্রকাশিত না হওয়ায় বাংলাদেশের কোন কোন শহর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাবে, সেটিও নিশ্চিত নয়।

ফিরবে ২০১১ সালের স্মৃতি

বাংলাদেশের জন্য এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১১ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছিল দেশটি। সেবার ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও ছিল আয়োজক। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল উদ্বোধনী ম্যাচসহ আটটি ম্যাচ।

বিশ্বকাপ শুরুর দুই দিন আগে, ১৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেই আয়োজনে অংশ নিয়েছিলেন বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের অধিনায়ক। সুসজ্জিত রিকশায় তাদের স্টেডিয়ামে প্রবেশের দৃশ্য সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে।

এরপর ১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের মাঠের লড়াই। বীরেন্দ্র শেবাগের ১৭৫ ও বিরাট কোহলির অপরাজিত ১০০ রানের সুবাদে ৩৭০ রান তুলেছিল ভারত। জবাবে ২৮৩ রান করে ৮৭ রানে হেরেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

মাঠের ফল সুখকর না হলেও ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে বড় উপলক্ষ হয়ে আছে। সেবার ঢাকা ও চট্টগ্রামে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল দুটি কোয়ার্টার ফাইনালও।

এরপর ২০১৪ সালে এককভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। একই সময়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল দেশে। তবে ওয়ানডে বিশ্বকাপ আর আয়োজনের সুযোগ পায়নি। ২০৩১ সালে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।

আরও যেসব প্রতিযোগিতার সময় জানাল আইসিসি

এবারের আইসিসি বোর্ড সভায় শুধু ২০৩১ বিশ্বকাপ নয়, আগামী কয়েক বছরের অন্যান্য বৈশ্বিক প্রতিযোগিতার সময়সূচিও অনুমোদন করা হয়েছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এরপর ২০২৮ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে সেই প্রতিযোগিতা।

২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত। আগামী ৯ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। অন্যদিকে ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সেই আসর চলবে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।

২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়ও নির্ধারণ করেছে আইসিসি। সেই আসর হবে ২ অক্টোবর থেকে ১৮ নভেম্বর। তবে আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে জুন মাসে। পরবর্তী দুই আসরের আয়োজক এখনো নির্ধারিত হয়নি।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার মতে, বড় প্রতিযোগিতাগুলোর সময় আগেভাগে নির্ধারণ করা হলে সদস্যদেশগুলো নিজেদের ক্রিকেট কাঠামো, খেলোয়াড় তৈরির পরিকল্পনা এবং আন্তর্জাতিক সূচি আরও ভালোভাবে সাজাতে পারবে। দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা ক্রিকেটের প্রতিযোগিতামূলক মান বাড়ানোর পাশাপাশি নতুন সুযোগও তৈরি করবে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট