কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় লাখ টাকার পুরস্কার, বিচারক রবিন রাফান

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৬ উপলক্ষে কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার আয়োজন করছে বিসিএস কম্পিউটার সিটি। তিন বিজয়ীর জন্য রাখা হয়েছে মোট এক লাখ টাকা নগদ পুরস্কার। প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন কনটেন্ট ক্রিয়েটর, এআই এডুকেটর ও লেখক রবিন রাফান।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা, যেখানে প্রথম পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ত্রিশ হাজার এবং বিশ হাজার টাকা। প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর পর্যন্ত।
কনটেন্ট ক্রিয়েশন কম্পিটিশনে প্রধান বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় লেখক, এআই এডুকেটর ও কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানকে। ডিজিটাল মাধ্যমে তিনি যেমন কনটেন্ট তৈরি করে যাচ্ছেন, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে নিজের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০ হাজারেরও বেশি কনটেন্ট ক্রিয়েটরকে প্রশিক্ষণ দিয়েছেন।
এই প্রতিযোগিতায় অংশ নিতে সিটি আইটি মেগা ফেয়ার এবং আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি নিয়ে এক থেকে দুই মিনিটের একটি মৌলিক ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে প্রকাশ করে তার লিংক বিসিএস কম্পিউটার সিটির ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে। জমা দেওয়া ভিডিওর ইনসাইটের ওপর নির্ভর করে বিজয়ী নির্ধারণ করা হবে।
যারা নিয়মিত ভিডিও বানান কিংবা নতুন শুরু করেছেন, তাদের জন্য এই প্রতিযোগিতা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করার সুযোগ। এক থেকে দুই মিনিটের মধ্যে কী দেখাবেন, কোন তথ্য রাখবেন এবং কীভাবে দর্শকের আগ্রহ বাড়বে সেটা সম্পূর্ণ ক্রিয়েটর কে সিদ্ধান্ত নিতে হবে।
‘AI ও প্রযুক্তির সাথে, আগামীর পথে’ স্লোগানে আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৬। ঢাকার আগারগাঁওয়ে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে বসবে এই মেলা।
এ ধরনের প্রতিযোগিতা কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। পাশাপাশি, যারা অর্থের অভাবে ভালো মানের সরঞ্জাম কিনতে পারছিলেন না, বিজয়ী হলে পুরস্কারের অর্থ দিয়ে তারা সেই ইচ্ছাও পূরণ করতে পারবেন।
কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দেওয়া এবং তাদের কাজে সহায়তা করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি।


