logo

সরকার দলীয় এমপিদের এলাকায় হচ্ছে ২৫৬ সেতু

• সম্পূর্ণ সরকারি অর্থায়নে খরচ হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা

• সেতু নির্মাণ করবে এলজিইডি

• দেশের ৮ বিভাগের ৪৮ জেলায় হবে প্রকল্প বাস্তবায়ন

• নির্বাচিত ১২৫ উপজেলা বেশিরভাগই বিএনপির এমপিদের এলাকা

• অনুমোদনের জন্য আগামী একনেকে উঠছে প্রকল্প

সরকার দলীয় এমপিদের এলাকায় হচ্ছে ২৫৬ সেতু
নির্মাণাধীন সেতু (ইনসেটে এলজিইডির লোগো)। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

সংসদ সদস্যদের (এমপি) চাহিদার ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) অধীনে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পের মাধ্যমে ১২৫টি উপজেলায় ২৫৬টি সেতু নির্মাণ করা হবে, এজন্য খরচ ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত এলাকা হিসেবে সরকার দলীয় এমপিদের নির্বাচিত এলাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

Advertisement

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হবে।

আগামী বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বসবে চলতি অর্থবছরের ৭ম একনেক সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্তে ওই সভায় প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরইমধ্যে আলোচ্য প্রকল্প প্রস্তাবটি যাচাই বাছাই করে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

একনেক নোটিশ সূত্রে জানা গেছে, আগামী একনেক সভায় মোট ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একনেক তালিকার প্রথমেই রয়েছে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি। একনেকে অনুমোদন পেলে চলতি বছরেই শুরু হবে এবং শেষ করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালের জুন পর্যন্ত।

স্থানীয় সরকার বিভাগের অধীনে নেওয়া আলোচ্য প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় ৯ হাজার কোটি টাকার বড় এই প্রকল্পের আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। দেশের ৮ বিভাগের ৪৮ জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে সেতুগুলো নির্মাণের জন্য নির্বাচন করা হয়েছে ১২৫টি উপজেলা।

প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে মাত্র ৬৩টি সেতু করার কথা থাকলেও এখন ২৫৬টি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮টির এখনো কোনো সমীক্ষাই হয়নি। অর্থাৎ সেতুগুলোর অবস্থান, প্রয়োজনীয়তা, কারিগরি উপযোগিতা কিংবা ব্যয় সম্পর্কে প্রয়োজনীয় সমীক্ষা হয়নি। তার আগেই প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্পটি অনুমোদনে তোড়জোড় শুরু হয়েছে।

প্রকল্পের পটভূমি বিশ্লেষণে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রকল্পটি প্রথম প্রস্তাব করা হয়। প্রাথমিক পর্যায়ে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ৪৮টি উপজেলায় মোট ৭৪টি দীর্ঘ সেতুর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল।

ওই সমীক্ষার ভিতিতে ২০২৩ সালে ৩৮টি সেতু নিয়ে প্রায় তিন হাজার ৯৫২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়। পরে প্রকল্পটি কয়েক দফা পুনর্গঠন করা হয়। ২০২৫ সালে ৬৩টি সেতু নিয়ে সংশোধিত ডিপিপি পাঠানো হলেও ২০২৬ সালে নির্বাচনের পর আবার নতুন করে ২০০টিসহ মোট ২১১টি সেতু প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ২০২৬ সালের ২ আগস্ট প্রকল্পের ওপর পুনরায় পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই পিইসি সভায় বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি এবং জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্কিমগুলো যাচাই-বাছাই করে প্রকল্পে মোট ২৫৬টি দীর্ঘ সেতু চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে সরকার দলীয় এমপিদের জোরালো দাবির প্রেক্ষিতে চূড়ান্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) এই সেতুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় থাকা ৪৮ জেলার ১২৫ উপজেলার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে বেশিরভাগ উপজেলা-ই সরকারদলীয় এমপিদের নির্বাচিত সংসদীয় আসন, তাদের চাহিদার ভিত্তিতেই প্রকল্পের আওতায় সেতুর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রকল্প প্রস্তাবনায়ও বলা হয়েছে, জনপ্রতিনিধিদের চাহিদা এবং জরুরী ভিত্তিতে সেতুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ভৌগোলিক তালিকা পর্যালোচনায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের প্রতিটিতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রংপুর বিভাগের ৫টি জেলার ১০টি উপজেলায় সেতু নির্মিত হবে। এগুলো হলো ঠাকুরগাঁও জেলার সদর ও রাণীশংকৈল, নীলফামারী জেলার সদর ও ডিমলা, দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এবং পঞ্চগড় ও লালমনিরহাট জেলার সদর উপজেলা।

রাজশাহী বিভাগের ৬টি জেলার ১৭টি উপজেলা এই প্রকল্পে স্থান পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার সর্বাধিক ১০টি উপজেলা হলো শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শিবগঞ্জ, মোকামতলা, সদর, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া নওগাঁ জেলার মান্দা ও আত্রাই, রাজশাহী জেলার বাঘা, জয়পুরহাট জেলার আক্কেলপুর ও পাঁচবিবি, নাটোর জেলার লালপুর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।

খুলনা বিভাগের ৪টি জেলার ৫টি উপজেলার মধ্যে খুলনা জেলার দিঘলিয়া, বাগেরহাট জেলার মোংলা, মাগুরা জেলার মহম্মদপুর ও সদর এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সেতু হবে।

বরিশাল বিভাগের ৫টি জেলার ১৫টি উপজেলার তালিকায় রয়েছে বরগুনা জেলার আমতলী, বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, হিজলা ও বাবুগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফল, পিরোজপুর জেলার নাজিরপুর, জিয়ানগর ও সদর এবং ভোলা জেলার মনপুরা ও লালমোহন উপজেলা।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার মধ্যে জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও গৌরীপুর উপজেলায় এই প্রকল্পের আওতায় সেতু নির্মিত হবে।

ঢাকা বিভাগের ১১টি জেলার ২৯টি উপজেলা এই প্রকল্পে যুক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলার সদর ও নগরকান্দা, টাঙ্গাইল জেলার সদর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ী, মানিকগঞ্জ জেলার ঘিওর ও সদর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, নরসিংদী জেলার বেলাবো, মনোহরদী, পলাশ, রায়পুরা ও সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর ও পাকুন্দিয়া, ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ, গাজীপুর জেলার কালিয়াকৈর ও কাপাসিয়া, মাদারীপুর জেলার কালকিনি ও সদর, শরীয়তপুর জেলার গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ও সিরাজদিখান উপজেলা রয়েছে।

সিলেট বিভাগের ৪টি জেলার ১০টি উপজেলার মধ্যে সিলেট জেলার গোয়াইনঘাট, সদর, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জ জেলার বানিয়াচং, মৌলভীবাজার জেলার রাজনগর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, সদর ও তাহিরপুর উপজেলায় সেতু নির্মিত হবে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৩১টি উপজেলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও কচুয়া, ফেনী জেলার সোনাগাজী, কুমিল্লা জেলার মুরাদনগর, বুড়িচং, আদর্শ সদর, মনোহরগঞ্জ ও হোমনা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল, কক্সবাজার জেলার পেকুয়া, চকরিয়া ও টেকনাফ, চট্টগ্রাম জেলার হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া, লক্ষ্মীপুর জেলার সদর, রায়পুর, রামগতি ও কমলনগর, রাঙ্গামাটি জেলার সদর ও লংগদু, বান্দরবান জেলার আলীকদম ও থানচি এবং খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা।

এলজিইডি প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যায়, প্রকল্পের মোট ব্যয়ের সিংহভাগই খরচ হবে মূলধন খাতে। ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা। পাশাপাশি নির্মিতব্য সেতুগুলোর সঙ্গে গ্রামীণ সড়কের সংযোগ স্থাপনের জন্য ৬৫.১৮৭ কিলোমিটার অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক তৈরি করা হবে, যাতে খরচ হবে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

এছাড়া, রাজস্ব খাতের আওতায় কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদিতে ৯ কোটি ৭২ লাখ টাকা,

সরবরাহ ও সেবা খাতে ১৬৯ কোটি ৬ লাখ টাকা এবং মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরামর্শক খাতে ৬২ কোটি ৬৪ লাখ টাকা, ১০টি নন-স্প্যান সেতুর ডিজাইন রিভিউ ও ভেটিং ফিতে ১২ কোটি ৫০ লাখ টাকা এবং বিভিন্ন দৈর্ঘ্যের সেতুর সয়েল ইনভেস্টিগেশন, টপোগ্রাফিক্যাল, বেথিমেট্রিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রয়েছে।

প্রকল্পের অবকাঠামো ও সংযোগ সড়ক নির্মাণের প্রয়োজনে সারাদেশে ৩০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৩৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে, যার আওতায় ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, ২টি ফটোকপিয়ার এবং ২০টি থ্রি-হুইল স্ট্যাটিক রোড রোলার (মিনিমাম ১০ টন) কেনা হবে। এছাড়া সংযোগ সড়কের দুপাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য ২ কোটি ৬০ লাখ টাকা এবং ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে যথাক্রমে ৪০ কোটি ও ৩০ কোটিসহ মোট ৭০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পটির বিষয়ে এলজিইডি জানিয়েছে, দেশে প্রতিবছর উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য দ্রুত ও স্বল্প খরচে বড় হাট-বাজার বা শহরে পৌঁছাতে এই সেতুগুলো অপরিসীম ভূমিকা রাখবে। এছাড়া গ্রামীণ এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াত সুগম হবে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানো সম্ভব হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের সার্বিক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।