যাত্রাবাড়ীতে বাসের ভেতর দুই যাত্রীকে জিম্মি, মুক্তিপণ দাবি অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে তিশা পরিবহনের একটি বাসের ভেতর দুই যাত্রীকে জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের তৎপরতায় জিম্মি দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বাসের সুপারভাইজার মো. ইয়াসিনকে (৩২) আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-যাত্রাবাড়ী জোন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় তিশা পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বাসটির কাগজপত্র যাচাই করতে চাইলে ভেতরে থাকা দুই যাত্রী পুলিশকে জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার তাদের জিম্মি করে রেখেছেন এবং মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করছেন।
বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় বাসের সুপারভাইজার মো. ইয়াসিনকে আটক করা হয় এবং বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে এ সুযোগে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান।
পরে আটক ইয়াসিন ও জব্দ করা বাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


