logo

রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়

রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত নারীর পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে পারভেজ আহমেদ পলাশ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৬৩) মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, সকালে ভবনের তৃতীয় তলার লিফটের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন রোগীর স্বজন ও হাসপাতালের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ আহমেদ পলাশের বাড়ি চাঁদপুরে। তার বোনজামাই মো. আব্দুল খালেক জানান, পলাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। তিনি সাধারণত বাড়িতে থাকতেন না; বেশিরভাগ সময় বাইরে কিংবা বিভিন্ন মাজারের আশপাশে ঘুরে বেড়াতেন এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসে ঘুমাতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া যায়। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরিবার সূত্রে জানা গেছে, পলাশের বাবা-মা ও ভাই আগেই মারা গেছেন। বর্তমানে তার একমাত্র বোন জীবিত রয়েছেন।

অন্যদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজা আক্তার জানান, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন পথচারীরা। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মাহফুজা আক্তার আরও জানান, ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে এবং তারা নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে পুরুষের পরিচয় শনাক্ত হয়েছে। নারীর পরিচয় শনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।