রাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন আম্মার এবং মঞ্চ ২৪-এর রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদের নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন আম্মার।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আম্মার বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আমরা সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে যাব। রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক ভূমিকা না রাখলে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।’
তিনি আরও বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের সঙ্গে মঞ্চ-২৪ যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, ‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায় এবং রাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা রাবি সংস্কার আন্দোলনের চলমান কর্মসূচির সঙ্গে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আগামীকাল সকাল ১০টা থেকে আমরাও প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি রাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করে এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।’
সংবাদ সম্মেলনে দুই সংগঠনের নেতারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থান তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মারজিয়া সুলতানা মিথি, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন, সহ-দপ্তর সম্পাদক মাহফুজ এবং রাবি সংস্কার আন্দোলনের সেক্রেটারি আরিফ আলভিসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।


