logo

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, সেই বিরোধের মামলায় কারাগারে যুবক

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, সেই বিরোধের মামলায় কারাগারে যুবক
তোফায়েল খাঁ। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে করা মামলায় কারাগারে গেছেন তোফায়েল খাঁ (২৮) নামের এক যুবক। তার স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিশোধ নিতে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তোফায়েল। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

মামলার বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম তোয়াব বিষয়টি নিশ্চিত করেছেন।

তোফায়েল খাঁ অষ্টগ্রাম সদর ইউনিয়নের খান ঠাকুর দীঘিরপাড় এলাকার সজিল খাঁর ছেলে। মামলার বাদী ওয়াসিম মিয়াও একই এলাকার বাসিন্দা। তিনি মৃত শাহ হোসেনের ছেলে। ওয়াসিমের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

তোফায়েলের বাবা সজিল খাঁর অভিযোগ, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তার ছেলেকে হয়রানি করতে মিথ্যা মামলা করেছেন ওয়াসিম। মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় লোকজনের ওপর প্রতিশোধ নিতেই এ মামলা করা হয়েছে বলে দাবি তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিকেলে খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় ইমন মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। ওই দিন ওয়াসিম, ইমনসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় লোকজন ধাওয়া করলে ওয়াসিমসহ দুজন পালিয়ে যান। ইমনকে আটক করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমনকে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পরদিন আদালতে মামলা করেন ওয়াসিম মিয়া। মামলায় তোফায়েল খাঁ, জামান মিয়া ও মুসা মিয়াকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে ওয়াসিম উল্লেখ করেন, জমিজমা ও বসতবাড়িসংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় তার বসতবাড়ির সামনের রাস্তায় আসামিরা তার পথরোধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী।

এ বিষয়ে মামলার বাদী ওয়াসিম মিয়া জানান, জমিজমা ও স্থানীয় বিরোধের জেরেই তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার দিন তাকে ও তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। তোফায়েলের জামিন নামঞ্জুর হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ওয়াসিম।

নিজের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘মাদকের মামলা তো বেশ কয়েকটা ছিল। দুটিতে খালাস পেয়েছি। বাকিগুলো প্রতিহিংসার শিকার।’

তোফায়েলের চাচাতো ভাই সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কাউকে মামলায় জড়িয়ে হয়রানি করা হলে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে নিরুৎসাহিত হবে। ওয়াসিম নিজে একজন মাদক কারবারি বলেও অভিযোগ করেন তিনি।

সোহেলের ভাষ্য, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া তোফায়েলই এখন তার করা মামলায় কারাগারে। মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও তোফায়েলের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, তিনি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই মামলাটি আদালতে দায়ের করা হয়েছিল। মামলার বাদী ওয়াসিমের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তিনি নিজে ওয়াসিমকে একাধিকবার গ্রেপ্তার করেছেন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট