সাভার/পরিত্যক্ত স্কুলে মাদক সিন্ডিকেটের আস্তানা, প্রতিবাদে হামলার অভিযোগ

বাইরে ঝুলছে শিক্ষাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা মেলে ভিন্ন চিত্র। শিক্ষা কার্যক্রমের পরিবর্তে সেখানে চলছে মাদক কেনাবেচা ও সেবনের আসর। ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোকে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে সেখানে প্রকাশ্যে চলে মাদকের কারবার। এর প্রতিবাদ করতে গিয়ে হামলা ও হুমকির শিকারও হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, চারালপাড়া এলাকায় চার শতাংশ জমির ওপর মিলন নামের এক ব্যক্তির আট কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি রয়েছে। সেখানে দীর্ঘদিন বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলত। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর কক্ষগুলো অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে বাড়িটি নিয়ন্ত্রণে নিয়েছে স্থানীয় একটি মাদক সিন্ডিকেট। আটটি কক্ষের প্রতিটিতেই বিছানার মতো করে মাদক সেবনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবন করা হয় বলে অভিযোগ রয়েছে। পুরো আস্তানাটি পাহারা দিতে বাইরে সার্বক্ষণিক লোকজন নিয়োজিত থাকে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চারালপাড়া এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন রুবেল মুন্সী। স্থানীয়দের অভিযোগ, রুবেলের মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এর আগে মমিন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। ওই হত্যা মামলায় ১১ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন রুবেল। কারাগার থেকে বেরিয়ে ২০ থেকে ২৫ জনের একটি কিশোর গ্যাং নিয়ে তিনি পুরো এলাকা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নলিরপাড়া এলাকায় ইমরুল ও তার সহযোগীরাও মাদক ব্যবসা চালাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তাদের একজন মোছা. নাছিমা আক্তার।
তিনি বলেন, আমাদের বাড়ির সামনে স্কুলটিতে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল এলাকার চিহ্নিত অপরাধী ও হত্যা মামলার প্রধান আসামি রুবেল মুন্সীসহ তার সহযোগীরা। আমরা বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রুবেল মুন্সী ও নাজমুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। গেট ভেঙে ভেতরে ঢুকতে না পেরে বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে দোতলা ও তিনতলার সাতটি থাই গ্লাসের জানালা ভেঙে দেয়। এ সময় তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনায় নাছিমা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
পরিত্যক্ত স্কুলের পাশের ভবনের মালিক মো. আউয়াল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিত্যক্ত স্কুলটিকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে মাদকের আখড়া গড়ে তুলেছে। বাড়ির সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। একজন চিহ্নিত অপরাধী কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন?
এ বিষয়ে কথা হয় স্কুলটির ভবনের মালিক মিলনের সঙ্গে। তিনি জানান, চার শতাংশ জমির ওপর নির্মিত ঘরগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জায়গাটি ফাঁকা থাকায় সেখানে ছেলেরা নেশা করে। তাদের নিষেধ করা হয়েছে। এর আগে পুলিশও কয়েকবার এসে তাদের ধরে নিয়ে গেছে। জায়গাটিতে নতুন করে কোনো কাজ বা স্থাপনা নির্মাণ করা হলে এ ধরনের কর্মকাণ্ড আর থাকবে না বলে মনে করেন তিনি।
এদিকে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগের এরিয়া ম্যানেজার পরিমল নন্দী জানান, দক্ষিণ বাইপাইল এলাকার ওই প্রাথমিক শিক্ষা কার্যক্রমের প্রকল্পটি বহু বছর আগেই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। পরিত্যক্ত ঘরগুলো বর্তমানে স্থানীয় মালিকের অধীনে রয়েছে। সেখানে ব্র্যাকের কোনো কার্যক্রম বা সম্পৃক্ততা নেই। এখনো সেখানে ব্র্যাকের সাইনবোর্ড কেন রয়েছে, তা তার জানা নেই।
অন্যদিকে, মাদক ব্যবসা, হত্যা ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রুবেল মুন্সী। তিনি বলেন, আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি দীর্ঘ ১৩ বছর ধরে এলাকায় বৈধ ব্যবসা করছি। মাদক বিক্রি করে আমাকে খেতে হয় না। আমি ইয়াবা বা হেরোইন সেবন না করলেও মাঝে মাঝে মদ বা বিয়ার খাই।
মামলার বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে হত্যা ও মারামারির মতো মামলাগুলো ষড়যন্ত্রমূলক। এ ছাড়া আমার বিরুদ্ধে থাকা ৮ থেকে ১০টি মামলার অধিকাংশই আওয়ামী লীগ ও বিএনপি আমলের রাজনৈতিক মামলা। তবে অতীতে বিয়ার খাওয়ার সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সঙ্গে বিরোধের জেরে আমার নামে একটি মাদকের মামলা হয়েছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় করা লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

