সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

সোনালী ব্যাংক পিএলসির সিলেট মহানগরীর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের বিভিন্ন তথ্য তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্তে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার, ফোনে দুটি ফিঙ্গারপ্রিন্ট যুক্ত থাকা এবং সাত দিনে ৩৯টি লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্যাংক। তবে এসব তথ্যের ভিত্তিতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় না কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাংক চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ওয়ারিসুল ইসলাম।
ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, গ্রাহক ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বাটন ফোন ব্যবহার করেন বলে দাবি করলেও তদন্তে তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ফোনে দুটি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট যুক্ত রয়েছে। এর একটি তার নিজের বলে জানা গেলেও অন্যটি কার, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে ব্যাংক। এ ছাড়া ফোনটির এসএমএস অপশন বন্ধ এবং ‘মাইজিপি’ অ্যাপ একাধিক ডিভাইসে লগইন অবস্থায় ছিল।
ব্যাংকের তথ্যমতে, গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে ৩৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। লেনদেনগুলোর বেশির ভাগই মধ্যরাতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এত অল্প সময়ের ব্যবধানে একাধিক লেনদেনের পরিবর্তে টানা সাত দিন ধরে মধ্যরাতে ৩৯টি লেনদেনের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে ব্যাংক কর্তৃপক্ষ।
তদন্তে আরও জানা গেছে, গ্রাহকের অ্যাপ ব্যবহার করে তার নিজের মোবাইল নম্বরে রিচার্জ করা হয়েছে। পাশাপাশি নয়টি ব্যাংকের হিসাব, শেয়ারবাজারের একটি বিও অ্যাকাউন্ট এবং বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটার বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একই সিম নম্বর দিয়ে পরিচালিত গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি গত ৩ অক্টোবর হ্যাক হওয়ার পর ৩০ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে এজিএম মো. ওয়ারিসুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান কার্যালয়ের সহযোগিতায় টাকা স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি হিসাবগুলোতে ‘স্টপ পেমেন্ট’ বা ডেবিট ফ্রিজ করা হয়েছে। এর ফলে ওই হিসাবগুলো থেকে টাকা উত্তোলন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
গত ৯ নভেম্বর সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অভিযোগ করেন, ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে তার অজান্তে ব্যাংক হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ২০ হাজার টাকার একটি চেক ব্যাংকে পাঠানোর পর হিসাব শূন্য থাকার বিষয়টি তিনি জানতে পারেন।


