logo

শিল্পীদের ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পাশে রাখতে হয়: রোমানা নীড়

শিল্পীদের ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পাশে রাখতে হয়: রোমানা নীড়
স্বামী জয় চৌধুরীর সাথে রোমানা নীড়। ছবি: রোমানার ফেসবুক থেকে

বিএফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছিলেন জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এবার এ ঘটনায় স্বামীর পাশে দাঁড়িয়ে হেলাল খানের বক্তব্যের সমালোচনা করেছেন চিত্রনায়িকা রোমানা নীড়। শিল্পীদের ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পাশে রাখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে রোমানা নীড় লেখেন, ‘হুংকার আর অহংকার এক জিনিস নয়! হুংকার মানুষকে ন্যায়ের পথে চলতে শেখায় আর অহংকার মানুষকে ধ্বংস করে! ঠিক এই আওয়াজটাই শিল্প ও শিল্পীদের উন্নয়নের স্বার্থে তুলতে পারলেই সবাই বুঝতে পারবে আপনি আসলেই যোগ্য নেতা। তখন আর জোর করে আনতে হবে না। শিল্পীরা ভালোবেসেই আপনার পাশে থাকবে।’

Advertisement

জয় চৌধুরীকে উদ্দেশ্য করে হেলাল খানের ক্ষোভ প্রকাশের প্রসঙ্গ টেনে রোমানা বলেন, শিল্পীরা কেন তার পাশে ছিলেন না, সেই জবাবদিহি জয় চৌধুরীর কাছে চাওয়া যায় না। কারণ, শিল্পীরা জয় চৌধুরীর কেনা নন। শিল্পীদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। তাই জয় চৌধুরী শিল্পীদের কাছে দায়বদ্ধ, শিল্পীরা তার কাছে নন।

শিল্পীদের সঙ্গে আচরণের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, শিল্পীদের ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়েই পাশে পাওয়া যায়। অতীতে শিল্পীরা আইনি সমস্যায় পড়ার সময় হেলাল খানকে পাশে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি। সে সময় জয় চৌধুরীকে ডাকলে তিনি পাশে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন রোমানা।

শিল্পীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার কারণে তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ারও সমালোচনা করেন তিনি। রোমানা লেখেন, ‘শিল্পীরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করলেই তাকে ফ্যাসিস্ট তকমা দেওয়া যাবে না। নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও এটি পছন্দ করেন না। কারণ তিনি নিজে বলেছেন, শিল্পীদের কোনো দলমত নেই, শিল্পীরা সবার।’

স্ট্যাটাসের শেষাংশে হেলাল খানকে শিল্পী হিসেবে নিজের পরিচয় ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন রোমানা নীড়। তিনি লেখেন, ‘শিল্পী হয়ে আগে শিল্প এবং শিল্পীদেরকে সম্মান দিন! মনে রাখবেন আপনিও একজন শিল্পী আর এখান থেকেই আপনার নামটা কিছু লোক জানে।’

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিএফডিসি গেটে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ না নেওয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন এবং এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন।

ঘটনার পর জয় চৌধুরী জানিয়েছিলেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কয়েকজন ভক্ত অপেক্ষা করছিলেন। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অবস্থান করছিলেন এবং জন্মদিনের কেক কাটতেও এসেছিলেন। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে দেরি হওয়ার কারণেই হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন বলে দাবি করেন জয়।