logo

সংসার ভেঙেছে, তবু বিয়ে নয়–নিজের পায়ে দাঁড়াতে চান ইতি

সংসার ভেঙেছে, তবু বিয়ে নয়–নিজের পায়ে দাঁড়াতে চান ইতি
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ইতি। ছবি : এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ইতি এখন আর বিয়ে নিয়ে ভাবতে চান না। সাত বছরের সংসার ভেঙে যাওয়ার পর নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভরশীল হওয়া এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন বরিশালের হিজলা উপজেলার এই নারী।

সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী রনির সঙ্গে তার দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদের মুখে পড়েন ইতি। সংসার টিকিয়ে রাখতে স্বামীর পায়ে ধরে কান্নাকাটি করেও তার মন গলাতে পারেননি তিনি। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

Advertisement

গত ৭ নভেম্বর প্রকাশিত ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। একই সঙ্গে ইতির ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন অনেক পুরুষ।

তবে এসব আলোচনার মধ্যেও আপাতত বিয়ের কথা ভাবছেন না ইতি। বরং জীবনের কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে নতুনভাবে পথচলা শুরু করতে চান তিনি। নিজের ভবিষ্যৎ গড়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

সোমবার রাতে এশিয়া পোস্টের সঙ্গে কথা হলে ইতি বলেন, এই ঘটনার পর থেকে মানসিকভাবে অনেক টেনশনে আছি। তবে এই অবস্থায় আমি আর বিয়ে করতে চাই না। আগে মানসিকভাবে স্থির হতে হবে এবং নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। একটি চাকরির প্রস্তাব এসেছে, ভালো লাগলে সেখানে যোগ দিতে পারি।

ইতির ভাষ্য, জীবনের এই পর্যায়ে নতুন করে সংসার শুরুর চেয়ে নিজের পায়ে দাঁড়ানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপাতত চাকরি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এগোতে চান তিনি।