logo

শাল্লায় সংঘর্ষে নিহতের ঘটনায় লুটপাট, মালামালসহ আটক ২

শাল্লায় সংঘর্ষে নিহতের ঘটনায় লুটপাট, মালামালসহ আটক ২
শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরের আসবাবপত্র। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মান্নান নিহত হওয়ার পর প্রতিপক্ষের প্রায় ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এসব মালামালসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মরা নদীর পাড় থেকে মালামালগুলো উদ্ধার করে খালিয়াজুরী থানা পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের শাল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন নিজগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫) ও তার ভাতিজা মনোয়ার হোসেন (২৭)। মনোয়ার সংঘর্ষে নিহত আব্দুল মান্নানের ছেলে এবং মানিক তার আপন ভাই।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ধান মাড়াইয়ের যন্ত্র, দুটি ডিজেল ইঞ্জিন, মালামাল পরিবহনের সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি। পুলিশের ভাষ্য, এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে একটি পতিত জমির দখল নিয়ে বিরোধের জেরে নিজগাঁও গ্রামের আজব আলী ও রূপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে রূপ মিয়ার পক্ষের আব্দুল মান্নান (৬৫) নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন। আব্দুল মান্নান নিহত হওয়ার পর পুলিশের গ্রেপ্তার এড়াতে আজব আলীর পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যান বলে জানা গেছে। ওই দিন রাত থেকেই আজব আলীর পক্ষের লোকজনের প্রায় ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে রূপ মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে রূপ মিয়া ও তার ভাই রুবেল মিয়াসহ ৬১ জনের বিরুদ্ধে শাল্লা থানায় লুটপাটের মামলা করেন। মামলায় প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।

নিজগাঁও গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, খালিয়াজুরী থানা-পুলিশ কিছু মালামালসহ দুজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তারা বর্তমানে শাল্লা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাই রূপ মিয়া। তিনি জানান, জমিটি তার বাবার নামে। সেখানে তিনি মাটি ভরাটও করেছেন। এখন আজব আলী ওই জমি নিজের বলে দাবি করছেন। আজব আলীর লোকজনের হামলায় তার ভাই আব্দুল মান্নান নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। তার বাঁ পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি এখন চলাফেরা করতে পারেন না।

তিনি আরও জানান, তাদের পক্ষের কেউ প্রতিপক্ষের বাড়িঘর লুটপাট করেনি। অন্যের জিনিসপত্র না আনতে সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তার দাবি, প্রতিপক্ষের লোকজন নিজেরাই আত্মীয়স্বজনের মাধ্যমে মালামাল সরিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষের পর রাতে নিজগাঁও গ্রামে লুটপাটের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। একটি বাড়ির বড় খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। অনেকেই তাকে জানিয়েছেন, ধান-চাল, পাওয়ার টিলার ও ইঞ্জিন লুট করে নেওয়া হয়েছে।

লুট হওয়া মালামাল উদ্ধারের অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, উদ্ধার হওয়া মালামাল পেয়ে মামলার বাদীপক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানা-পুলিশ লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করে শাল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত ৫ নভেম্বর ‘সংঘর্ষে একজন নিহতের পর তিন দিন ধরে ৪০ বাড়িতে লুটপাটের অভিযোগ’ শিরোনামে এশিয়া পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট