মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। শনিবার সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রধান সড়ক ও ফুটওভার ব্রিজের নিচে বিপুলসংখ্যক পোশাক শ্রমিক জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হেলমেট ও নিরাপত্তাসামগ্রী পরিহিত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা এসব এলাকায় বিক্ষোভ করছেন। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথে চলাচলের চেষ্টা করছেন অনেক যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প সড়কে পরিচালনা করা হচ্ছে।
এদিকে মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় ও আশপাশের এলাকায় চলাচলকারী নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
গত কয়েক দিনে বেশ কয়েকবার বেতন বাড়ানোর দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।

