logo

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে অবিস্ফোরিত ককটেল (ডানে) ও বিস্ফোরণে আহত ব্যক্তি (বামে)। ছবি: আমার দেশ অনলাইন থেকে নেওয়া

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও প্রেসের সামনের পানের দোকানি রিনা খানম। ঘটনার পর তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতের এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান।

আমার দেশ অনলাইনের প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার রাত ১০টা ৪৬ মিনিটে সংবাদামধ্যমটির প্রেসের সামনে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি করে তেজগাঁও থানা পুলিশ। তবে এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি।

আমার দেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রশাসন) মো. শহিদুর রহমান জানান, প্রেসের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম গেছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।