গালি দেওয়া কি সন্ত্রাস, সিফাতের গ্রেপ্তার প্রসঙ্গে জারার প্রশ্ন

প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর পাশে দাঁড়িয়েছেন এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
ওই পোস্টে তাসনিম জারা লিখেছেনা, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?’
তিনি লিখেছেন, ‘দেখলাম যারা এ গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন তাদের কমেন্টবক্সে গালির বন্যা। সঙ্গে বলছেন যে, ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।’
সরকারের সমালোচনা করে জারা লিখেছেন, “আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে ৮টায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, ‘দ্য ডিক্টেটর’ সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।”
পোস্টের শেষ দিকে জারা লিখেছেন, ‘সিফাতকে অবিলম্বে মুক্তি দিন। মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’
এদিকে, সিফাত আব্দুল্লাহর (২৫) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে আদালতেও পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেছিলেন সিফাত।
পুলিশের ওই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ওয়াদা জানায়, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে একটি আকস্মিক মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন। মামলার পর সিফাতকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ওসি গোলাম রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গাজীপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
ভিডিওতে নিজের বিদ্যুৎ বিল দেখিয়ে সিফাত অভিযোগ করেন, গত দুই মাসে তার কাছ থেকে প্রায় ৪-৫ হাজার টাকা বিল নেওয়া হয়েছে। এ সময় বিএনপি সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন।



