পুলিশে বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এক প্রজ্ঞাপনে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাতে বলা হয়, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।
এ ছাড়াও আরও দু’টি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অতিবিলম্বে এসব আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোয় বলা হয়েছে।
.png)


