তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তিনি তাহসিফের ‘কথিত গার্লফ্রেন্ড’ বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই।
গতকাল রাতে দিশার খালার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নৌপুলিশের এসপি আব্দুল আল মামুন। তিনি এশিয়া পোস্টকে বলেন, ঘটনার আগে তার সঙ্গে ভিকটিমকে (দিশা) দেখা যায়। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। তাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।
গত ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট রেস্টুরেন্ট ও বারের সিসি ক্যামেরায় তাহসিফ ও তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশাকে দেখা যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তারা মোটরসাইকেলে করে সেখানে যান। পরে আরেকটি মোটরসাইকেলে করে দীপ সেখানে পৌঁছান। এরপর তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।
রেস্টুরেন্টের আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই নারী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। পরে তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।
প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তারা রেস্টুরেন্ট থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।
পরের দিন ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরাখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।


