logo

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ [email protected] এবং [email protected] এই দুটি ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে।

এ সময় মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি ৩০ জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানোর দায়ে অভিযুক্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিযুক্ত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।

মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না।

সংবাদ ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।