আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু/কৃষিতে প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন প্রতিমন্ত্রী

দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ উদ্যোগে এ মেলা আয়োজিত হচ্ছে। মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান ৫৩টি স্টলের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিপণ্য সংরক্ষণের নানা উদ্ভাবন প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সামাজিক মর্যাদা বাড়াতে কাজ করে যাচ্ছে। তিনি উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের জীবনমান উন্নয়নে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএর মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের সাহায্যে সেচ কাজ পরিচালনা করে বর্তমানে ৪০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় করা সম্ভব হচ্ছে। এছাড়া অতিরিক্ত সার ব্যবহার রোধ করে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।
বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে। বিগত বছরগুলোতে নতুন কূপ খনন না করায় সৃষ্ট ঘাটতি কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাস ক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর পাওয়া গেছে।
কৃষি পণ্যের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি, বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে উত্তরাঞ্চলের আলু ও শাকসবজি সরাসরি বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ও গবেষণার মাঠপর্যায়ে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর ভূমিকা তুলে ধরা হয়।

