রাশিয়ায় ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার সুযোগ, সব খরচ আয়োজকদের

সম্পূর্ণ বিনা খরচে রাশিয়ার ভ্লাদিভোস্তোক শহরে অনুষ্ঠিতব্য ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম ২০২৬’ এ অংশ নিতে পারবেন বাংলাদেশের তরুণরা। বাংলাদেশ থেকে ৫০ জন প্রতিনিধি সম্পূর্ণ বিনা খরচে (রাশিয়ার ভিসা আবেদন ফি ব্যতীত) এই ফোরামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকাস্থ রুশ দূতাবাস।
এ জন্য তথ্যপ্রযুক্তি (আইটি), টেকসই উন্নয়ন, অর্থনীতি ও বিনিয়োগ, বিকল্প জ্বালানি, নগর উন্নয়ন, স্বাস্থ্যখাত, বিজ্ঞান, জনপ্রশাসন এবং আন্তর্জাতিক সহায়তা খাত সংশ্লিষ্ট তরুণদের থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
এসব খাত সংশ্লিষ্ট প্রকল্পের গবেষক, উদ্যোক্তা এবং জনমত গঠনে অবদান রাখা ১৮ থেকে ৪০ বছর বয়সী নেতৃত্বরা এতে আবেদন করতে পারবেন।
সফলভাবে জমাকৃত আবেদন থেকে নির্বাচিত প্রতিনিধিদের ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশগ্রহণ ও বাংলাদেশে ফিরে আসার সকল খরচ বহন করবে ফোরামের আয়োজক ‘রসকংগ্রেস ফাউন্ডেশন’। বাংলাদেশ থেকে আবেদন আগ্রহীদের তথ্যগত পরামর্শ দেবে ঢাকাস্থ ‘রাশিয়ান হাউজ’।
এতে বলা হয়, আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী ইস্টার্ন ইকোনমিক ফোরাম। এই ফোরামে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধিদের ঢাকা ও রাশিয়ার মধ্যেকার যাতায়াত, রাশিয়ায় অবস্থানকালে হোটেল ও খাবার এবং স্বাস্থ্যবিমা দেওয়া হবে রুশ প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রসকংগ্রেসের পক্ষ থেকে।
রাশিয়ার আর্থ-সামাজিক খাতের উন্নয়ন ও প্রচারে কাজ করে রসকংগ্রেস। ইস্টার্ন ইকোনমিক ফোরাম ছাড়াও ‘সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (এসপিআইইএফ)’ এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজক এই সংস্থা।
ফোরামে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে দুই ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপে এই লিঙ্কে https://forumvostok.ru/en/ ব্যক্তিগত একাউন্ট তৈরি করে অনুষ্ঠানের জন্য নিবন্ধন করতে হবে।
দ্বিতীয় ধাপে এই গুগল ফর্মটি পূরণ করেhttps://forms.gle/CRQcehFFk5gp7bsR8 ঢাকাস্থ রাশিয়ান হাউজকে আবেদনের বিষয়ে অবহিত করতে হবে।



