চারপাশের ভুল পরামর্শই তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: হাসনাত কাইয়ূম

তারেক রহমান যদি ধূর্তামির শিকার হন, তাহলে উনি খুবই ব্যর্থ একজন এক্সাম্পল হতে পারেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
তিনি বলেন, তারেক রহমানের মধ্যে একজন গণতান্ত্রিক, যৌক্তিক ও দায়িত্বশীল নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে থাকার কারণে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সরলতা এবং উচ্চমানসিকতা তৈরি হয়েছে।
সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত কাইয়ূম বলেন, তারেক রহমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তার চারপাশের রাজনৈতিক পারিষদ। দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পুরোপুরি বুঝতে তার সমস্যা হতে পারে। এই সুযোগে চারপাশের ধূর্ত ব্যক্তিরা তাকে ভুল বুঝিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে পারে। তিনি যদি এই ধূর্তামির শিকার হন, তাহলে উনি খুবই ব্যর্থ একজন এক্সাম্পল হতে পারেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের মধ্যে যদি সঠিক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে তিনি জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল চরিত্রে পরিণত হতে পারেন। অতীতে যারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাদের কারোরই শেষ পর্যন্ত ভালো পরিণতি হয়নি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সতর্কতার সঙ্গে আগামীর পথে এগোনো উচিত বলেও তিনি বলেন।





