বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফিরে আসা হাস্যকর। সে শ্বশুরবাড়ি বেড়াতে আসবে না যে, পাসপোর্ট নিয়ে আসবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই অনুযায়ী তার হস্তান্তর চায় সরকার।
তিনি বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর নিয়ে কোনো ভূ-রাজনৈতিক শঙ্কা দেখছে না বাংলাদেশ। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

