logo

বিমানবন্দরে সাড়ে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরিঞ্জসহ নারী আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে সাড়ে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরিঞ্জসহ নারী আটক
বিমানবন্দর থেকে ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ইনসুলিন সিরিঞ্জসহ নারী যাত্রীকে আটক করা হয়। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করেছেন আনসার সদস্যরা। এ সময় এক নারী যাত্রীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার করা মালামালসহ তাকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেটে এ ঘটনা ঘটে। আনসার সদস্যদের দাবি, তল্লাশির সময় ওই নারী তাদের পাঁচ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চীনগামী ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি গোলাম রাব্বানী বিষয়টি নজরে আনেন। পরে তাদের নির্দেশনায় মহিলা আনসার সদস্য মোছা. শাহেদা ও শ্রী আলো ওই যাত্রীর দেহ তল্লাশি করেন। এ সময় তিনি পাঁচ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন।

পরে এভসেক কর্তৃপক্ষ, শিফট টিআই জায়েদ হোসেন ও শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়। প্রতিটি সিরিঞ্জের আনুমানিক বাজারমূল্য ২ হাজার ২০০ টাকা হিসাবে উদ্ধার করা পণ্যের মোট মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা সিরিঞ্জসহ ওই নারী যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।