মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ জানান, জেলায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত হিসেবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, নওগাঁ জেলাকে শান্ত রাখতে ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর এবং কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব আটকের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে বলিহার ব্রিজ এলাকা থেকে ওই ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
