logo

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করছে সরকার, ঘোষণা শিগগিরই

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করছে সরকার, ঘোষণা শিগগিরই
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই মজুরি বোর্ড ঘোষণা করা হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানা সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করবে সরকার।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার সব শ্রমিক ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাব। আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’

মজুরি বোর্ড গঠনের কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী দু-এক দিনের মধ্যেই, মানে রোববার থেকে শ্রমিক ভাইদের কাঙ্ক্ষিত যেটা, সেটা নিয়ে কার্যক্রম শুরু হবে।’