logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের দফায় দফায় বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের দফায় দফায় বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে বৈঠক করেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

তবে বৈঠকগুলোয় কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতে দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলার রায়কে ঘিরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এদিকে স্থানীয় সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতের পিস প্যালেসে প্রকাশ্য অধিবেশন শুরু হয়। সেখানে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়া শুরু করেন। আইসিজের এই রায় হবে চূড়ান্ত রায়। যে রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ রাখা হয়নি।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে এটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত। বিশ্বের ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত হয়েছে।