logo

রান্নার পাত্রেও বিষাক্ত সিসা, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

রান্নার পাত্রেও বিষাক্ত সিসা, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
রান্নার পাত্র। ছবি : গ্রাফিকস

স্থানীয়ভাবে তৈরি নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম বিষাক্ত সিসা পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

সিসা একটি বিষাক্ত ধাতু। আইসিডিডিআর,বি বলছে, রক্তে এর কোনো নিরাপদ মাত্রা নেই। গবেষকরা দেখতে চেয়েছেন, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবারে কতটা সিসা মেশে। খাবার কতটা টক, পাত্র কীভাবে পরিষ্কার করা হয় এবং কী রান্না হচ্ছে, এসবের প্রভাবও যাচাই করা হয়েছে।

Advertisement

পরীক্ষায় ছিল মোট ২৭টি পাত্র। এর সাতটি বিভিন্ন পরিবার থেকে সংগ্রহ করা পুরোনো পাত্র, বাকি ২০টি বাজার থেকে কেনা নতুন। প্রথমে পাত্রগুলোর ধাতুতে কতটা সিসা আছে, তা মাপা হয়। এরপর তাতে ভাত ও খিচুড়ি রান্না করা হয়। সবশেষে পরীক্ষাগারে রান্না করা খাবার ও পানিতে সিসার পরিমাণ মেপে দেখা হয়।

ফলাফলে দেখা গেছে, নতুন-পুরোনো প্রতিটি পাত্র থেকেই খাবারে সিসা মিশেছে। সবচেয়ে বেশি মিলেছে নতুন পাত্রে প্রথমবার রান্নার সময়; প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম, খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শিশুদের খাবারে সিসার সীমা বেঁধে দিয়েছে প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রাম। বারবার ব্যবহারে খাবারে সিসার মাত্রা কমে। তবে এটি নিরাপদ মাত্রার নিচে নামে না। আগে ব্যবহার করা সাতটি পাত্রের ছয়টিতে রান্না করা ভাতে সিসা পাওয়া গেছে।

আইসিডিডিআর,বি-র পরিবেশ স্বাস্থ্য ও ওয়াশ বিভাগের সহকারী বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা বলেন, ‘বিশেষ করে ছোট শিশুদের খাবার তৈরির জন্য খাদ্য নিরাপত্তার দিক থেকে পরীক্ষিত রান্নার পাত্র ব্যবহার করা উচিত। এসব পাত্র ব্যবহার করতে হলে স্টিলের তারের স্ক্রাবার দিয়ে ঘষা এড়িয়ে চলা এবং তাতে টক বা অম্লীয় খাবার রান্না না করাই ভালো। তবে মনে রাখতে হবে, এসব সতর্কতা দূষিত পাত্রকে পুরোপুরি নিরাপদ করে না।’

বাংলাদেশের গ্রামাঞ্চলে শিশুরা সাধারণত যে পরিমাণ ভাত খায়, তা ধরে গবেষকরা একটি হিসাব করেছেন। সেই হিসাবে এমন পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশু দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে এফডিএর নির্ধারিত মাত্রার পাঁচ গুণেরও বেশি সিসা নিতে পারে।

পাত্র দেখে সিসার ঝুঁকি আঁচ করা যায় না। জেসমিন সুলতানা বলেন, ‘সিসা দেখা যায় না, এর কোনো গন্ধ বা স্বাদও নেই। তাই দেখতে একদম ভালো একটি পাত্র থেকেও পরিবারের খাবারে সিসা মিশতে পারে। সাধারণভাবে দেখে বোঝার কোনো উপায় নেই, কোন পাত্রটি নিরাপদ।’

রান্নার পাত্রের এই গবেষণার আগেই ঢাকার শিশুদের রক্তে সিসার উপস্থিতি নিয়ে আরেকটি গবেষণা করে আইসিডিডিআর,বি। ঢাকার বিভিন্ন এলাকার ৫০০ শিশুর রক্তের নমুনা পরীক্ষা করা হয় ২০২২ থেকে ২৪ সালের মধ্যে। গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটি এর ফলাফল প্রকাশ করে। এতে ৯৮ শতাংশ শিশুর রক্তে সিসা পাওয়া যায়। এর মধ্যে ৮০ শতাংশের রক্তে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) উদ্বেগজনক মাত্রা, অর্থাৎ প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সিসা মিলেছে।

গবেষণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেখা গেছে কারখানার আশপাশে থাকা শিশুদের। সিসানির্ভর শিল্প স্থাপনার এক কিলোমিটারের মধ্যে থাকা শিশুদের রক্তে সিসার মাত্রা পাঁচ কিলোমিটারের বেশি দূরে থাকা শিশুদের চেয়ে ৪৩ শতাংশ বেশি। কারখানা ছাড়াও সিসার উৎসের মধ্যে আছে ঘরের ভেতরে ধূমপান, দূষিত ধূলিকণা, সিসাযুক্ত প্রসাধনী ও রান্নার পাত্র।

গবেষকেরা বলছেন, সিসার সংস্পর্শ শিশুদের স্বাস্থ্য এবং শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক ও দীর্ঘমেয়াদি ক্ষতি করে। এতে শেখার অক্ষমতা তৈরি হতে পারে, পরে উপার্জনের সামর্থ্যও কমে আসে।

আইসিডিডিআর,বির পরিবেশ স্বাস্থ্য ও ওয়াশ বিভাগের প্রধান ড. মো. মাহবুবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘কোন উৎস থেকে সিসা আসছে, সেটা বড় বিষয় নয়; বরং স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা, সেটাকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে। প্রতিনিয়ত এটা বাড়ছে। শিশুর শরীরে সিসা ঢুকছে, তা রক্তে চলে যাচ্ছে, সেখান থেকে টিস্যুতে, হাড়ে ঢুকছে। আস্তে আস্তে এটি দীর্ঘমেয়াদি রোগের দিকে নিয়ে যাচ্ছে। এ জন্য এক্সপোজার সোর্স বা সংস্পর্শের উৎস কমানো গেলে সিসার প্রভাব কমে আসবে। তার মানে হচ্ছে, আপনি যদি উৎস থেকে দূরে থাকতে পারেন, আপনার শরীর থেকে সিসার পরিমাণ আস্তে আস্তে কমে আসবে।’

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের ২০২০ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৮০ কোটি শিশু রক্তে উদ্বেগজনক মাত্রার সিসা নিয়ে বেঁচে আছে। এটি এমন মাত্রা, যেখানে স্বাস্থ্যঝুঁকির কারণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার। আক্রান্ত এসব শিশুর প্রায় অর্ধেক দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দা।

সংস্থাটির তথ্যমতে, সিসায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এখানে প্রায় ৩ কোটি ৫৫ লাখ শিশুর রক্তে প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি সিসা আছে।

ড. মো. মাহবুবুর রহমানের মতে, শরীরে সিসার মাত্রা অতিরিক্ত হলে কোনো চিকিৎসায় তার স্থায়ী সমাধান মেলে না। তাই উৎস বা সংস্পর্শ বন্ধ করা ছাড়া এর থেকে বাঁচার অন্য কোনো ভালো উপায় নেই।

তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত সিসা থাকলে আপনি যে কোনো চিকিৎসায় যান না কেন, এর ভালো কোনো অপশন নাই। আমরা যদিও নিউট্রিশন সাপ্লিমেন্ট বা ভিটামিন, আয়রন, জিংক, ক্যালসিয়াম দেওয়ার কথা বলি, কিন্তু এটা সাময়িক বা কিছুটা হয়তো কাজে আসে। কারণ, নিউট্রিশন স্ট্যাটাস ভালো থাকলে হয়তো ইম্প্যাক্টটা কিছুটা কম হতে পারে। কিন্তু এক্সপোজার সোর্স বন্ধ না করলে ভালো কোনো সমাধান নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালায় রক্তে উচ্চমাত্রায় সিসা যাদের, তাদের জন্য কিলেশন থেরাপির মতো একটি টেকনিক্যাল চিকিৎসার কথা বলা আছে, তবে সেটি অত্যন্ত জটিল প্রক্রিয়া।’ কিলেশন থেরাপি হলো এমন চিকিৎসা, যাতে বিশেষ ওষুধ দিয়ে শরীর থেকে ভারী ধাতু বের করে আনার চেষ্টা করা হয়।

রান্নার পাত্র যারা বানাচ্ছেন, তারা কী উপকরণ ব্যবহার করছেন, সেদিকে নজর দেওয়ার ওপর জোর দেন মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘এই স্ক্র্যাপ মেটাল বা পুরোনো ধাতুর ব্যবহার যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারি, সেক্ষেত্রে একটা বড় সোর্স বন্ধ করা যাবে। এ ছাড়া কালারিং এজেন্ট বা চকচকে করার জন্য কিছু মেটেরিয়ালস ব্যবহার করা হয়। সেগুলো ভালোভাবে যাচাই করা দরকার যে, তাতে সিসা আছে কি না। কারণ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সচেতন করা সম্ভব নয়।’

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও সরকারি সংস্থার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএসটিআই মূলত মান নির্ধারণ ও যাচাইকারী প্রতিষ্ঠান। ইন্ডাস্ট্রিগুলো মানছে কি মানছে না, সেটা গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিক্লারেশন অনুযায়ী, সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। যে কোনো মাত্রার সিসা ক্ষতিকর। বাংলাদেশ সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএস এফডিএর স্ট্যান্ডার্ড ফলো করে। তবে আমাদের দেশের বাস্তবতায় এই মান নিয়ন্ত্রণ ও নীতিমালা আরও শক্তিশালী করতে হবে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ এশিয়া পোস্টকে বলেন, ‘সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের জন্য এই দূষণ সবচেয়ে বড় হুমকি। শৈশব থেকে দীর্ঘ সময় এর সংস্পর্শে থাকায় শিশুদের শরীরে ক্ষতিকর প্রভাব ও জটিলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।’

তিনি বলেন, ‘পানি ও বাতাসসহ প্রকৃতির নানা উপাদানে বাংলাদেশ এমনিতেই দূষণের শীর্ষে রয়েছে। জন্মের পর থেকে দীর্ঘ সময় ধরে খাবার ও পানীয়ের মাধ্যমে সিসা ও কীটনাশকের মতো ক্ষতিকর উপাদান শরীরে ঢুকছে। এর ফলে দেশে ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ ও সিওপিডির (দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) মতো মারাত্মক অসংক্রামক রোগ ক্রমাগত বাড়ছে।’

এই পরিস্থিতি মোকাবিলায় গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের যৌথ উদ্যোগের ওপর জোর দেন বে-নজির আহমেদ। তার মতে, সাম্প্রতিক গবেষণার তথ্যের ভিত্তিতে দূষণ কমাতে দ্রুত সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা তৈরি করতে হবে। একই সঙ্গে কঠোর আইন করে এবং তার প্রয়োগের মাধ্যমে এই বিষাক্ত দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।