logo

প্রতারণা রোধে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: শ্রমমন্ত্রী

প্রতারণা রোধে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: শ্রমমন্ত্রী
বন্দর উপজেলার শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে কথা বলছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

ভিসা প্রতারণা রোধে ইতোমধ্যে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভিসা প্রতারণার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতারণা প্রতিরোধে ইতোমধ্যে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কিছু ট্রাভেল এজেন্সিও বিদেশে লোক পাঠানোর কাজ করছে, যা তাদের মূল কাজ নয়। বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে নিয়মের মধ্যে আনতে প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতি চালু করা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হয়েছেন জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, আহত ব্যক্তিদের ৫টি হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।

মন্ত্রী বলেন, প্রবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল কাজ করছে। এর মাধ্যমে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর সর্বশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রবাসীদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কোনো সমস্যায় পড়লে তারা বাংলাদেশ মিশনের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এ সময় বন্দরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতাল আগামী ৭ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেন মন্ত্রী।