আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
আলী হোসেন ফকির বলেন, ‘দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
পুলিশ সদস্যদের পেশাদারি, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তদন্তের গুণগত মান বাড়িয়ে থানায় দায়ের হওয়া মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।’
সভাপতির বক্তব্যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। বিশেষ করে অপমৃত্যুর মামলাসহ সব মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ-আক্রান্ত ও অপহরণের মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার পর্যালোচনা করা হয়।
এ সময় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদরদপ্তরে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



