ডিএসসিসির বিশেষ অভিযান: ডিমের বাজার তদারকি ও জরিমানা

ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা, অসাধু মুনাফাখোরি রোধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে অভিযান চালানো হয়েছে। সমন্বিত এই মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন অমান্য ও ফুটপাত দখলের দায়ে দুই মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনভর ডিএসসিসির আওতাধীন ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি এলাকায় একযোগে এই তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে বাসাবো বউ বাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয় এবং অতিরিক্ত মূল্য না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় চলাচলের পথ সুগম করতে ফুটপাতের অবৈধ মালামাল অপসারণ করা হয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ডিমের সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন। কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম না নিতে ব্যবসায়ীদের কড়া বার্তা দেন তারা।
এ ছাড়া নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর আওতাধীন কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়েনাল মোল্লা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জনস্বার্থ রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সিটি করপোরেশনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
