logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ইউপি নির্বাচনে তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের বিধান রেখে বিধিমালা প্রকাশ

ইউপি নির্বাচনে তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের বিধান রেখে বিধিমালা প্রকাশ
ছবি: এশিয়া পোস্ট

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা তা লঙ্ঘনের চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালায় এ ক্ষমতা যুক্ত করা হয়েছে।

সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির ১ ও ২ উপবিধিতে এ সংক্রান্ত বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

Advertisement

নতুন বিধান অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের কাছে যদি মনে হয়, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী কিংবা তার নির্বাচনি এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে কোনো প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট অথবা প্রার্থীর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি ভঙ্গ করেছে বা ভঙ্গের চেষ্টা করেছে, তাহলে লিখিত আদেশে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

এদিকে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ইসির আগে প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ এলাকার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে পর্যায়ক্রমে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

তপশিল ঘোষণার বিষয়ে ওই সময় তিনি বলেন, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে বা এর কাছাকাছি সময়ে তপশিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারাই তপশিল ঘোষণা করবেন।

সানাউল্লাহ আরও জানিয়েছিলেন, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে তিন ধাপে এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।