শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে কোনো দলীয় লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। তবে সরকারের অতীতের ভুলত্রুটির কারণে বর্তমান অবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বও সরকারের।
নাহিদ ইসলাম বলেন, শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে চিন্তা না করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি দীর্ঘমেয়াদে মোকাবিলার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি পররাষ্ট্রনীতি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে পরিচালিত না হয়।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের শিকার হয়েছেন।’
এ পরিস্থিতি মোকাবিলায় সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগা, সুফি, সাংস্কৃতিক কর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারণার জবাব দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।
এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়।
প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়। যার অংশ হিসেবে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



