বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ঘোষণা সরকারের

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ঘোষণা সরকারের
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা এনএস-১ বিনামূল্যে ঘোষণা করেছে সরকার।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। স্বাস্থ্যসেবা অধিদপ্তর এ নির্দেশনা বাস্তবায়ন করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে সাত হাজার ১১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে ঘরে ফিরলেও মারা গেছেন ১৯ জন। এবার ঢাকাসহ সংক্রমণ বেশি বরিশাল ও খুলনা বিভাগে। মোট আক্রান্ত ও মৃতদের মধ্যে অধিকাংশ পুরুষ।