ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করা আদেশটি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অনুলিপি পাঠানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত পোস্ট প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৯৭-এর ৫৫ ধারার পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে আরও বলা হয়, ওই প্রবিধানমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রফিকুল আলমকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
একই সঙ্গে তাকে ঢাকার বলাকায় বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে এবং বর্তমান ঠিকানায় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।


