logo
Advertisement

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

এশিয়া পোস্ট নিউজ
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতির গাড়িবহর পৌঁছায়। ছবি: এশিয়া পোস্ট

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে তার গাড়িবহর পৌঁছায়।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্রও যাচাই করা হচ্ছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ শেষে রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর নতুন চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।