logo

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
ফারুক আহমেদ। ছবি: পুলিশের সৌজন্যে

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি এসআরবি হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ আরও দুই ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদকে জিএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট