logo

পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের পশুর হাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, কন্ট্রোল রুম ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (২৪ মে) র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি রাজধানীর বিভিন্ন হাট পরিদর্শন করেন। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পশুর হাটে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

নিরাপদে গবাদিপশু হাটে আনা-নেওয়া নিশ্চিত করতে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া ঈদের সময় নগরীতে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির টাকা ছিনতাইয়ের আশঙ্কা বেড়ে যায়। এ কারণে র‌্যাবের নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি কমাতে পশুর হাটে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুমের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি জাল নোট প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব আরও জানায়, কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয়, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে। পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব আশা প্রকাশ করেছে, আগের বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদের আনন্দ উদযাপন করবে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।