logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই’

‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ব্যক্তিগত জায়গা থেকে ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান জানান।

Advertisement

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ইইউর অবস্থান জানান মাইকেল মিলার। তিনি বলেন, ‘এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। আমি যা বলব, তা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা চাই, একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।’

তিনি বলেন, ‘বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকবে। তবে তার একটি সীমা আছে। কোনো সংগঠন বা ব্যক্তি যদি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, জনশৃঙ্খলা বিনষ্ট করে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দেয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়।’

তিনি আরও বলেন, ‘রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার বিষয়। এর জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে।’

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট