logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
জামায়াতের লোগো। ছবি: দলটির ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

Advertisement

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, সোমবার ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন।

তিনি বলেন, তারা নাগরিকদের জান ও মালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অতীতে কেউ সমাজের মূলধারায় টিকে থাকতে পারেনি এবং সন্ত্রাস চালিয়ে ফিরে আসার চেষ্টাও সফল হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এসব কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত নেতা আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।