logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর মাথায় শিলের আঘাত, ৬ দিন পর মৃত্যু

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর মাথায় শিলের আঘাত, ৬ দিন পর মৃত্যু
মামুন মিয়া ও তার স্ত্রী মমতা বেগম। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মমতা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের অভিযোগ, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে পারিবারিক বিরোধের জেরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে অচেতন করা হয়। এরপর তার স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে পলাতক থাকা অভিযুক্ত স্ত্রী মমতা বেগমকে গত শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত নারীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট