রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ে নাগদারপাড় এলাকায় চুরি করার অভিযোগে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মোস্তফা খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।
মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচ জন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের একপর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।






