logo

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ চোর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ চোর
গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় খুঁটির ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় তার শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক ব্যক্তি মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। তাদের মধ্যে একজন খুঁটির ওপরে ওঠেন এবং অন্যরা নিচে অবস্থান নেন। ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলেও ১১ হাজার ভোল্টের মূল সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু ছিল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি খুঁটির ওপরেই আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির ওপরে আটকে থাকতে দেখা যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধারের ব্যবস্থা করা হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শান্তনু রায় জানান, রাত পৌনে ১০টার দিকে খবর পাওয়ার পর তাদের ৮ থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে যায়। রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ট্রান্সফরমার চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠেছিলেন কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।