আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করতে চায় বিএনপি। এ লক্ষ্যে আজ তার পক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চিফ হুইপ বলেন, আমাদের দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী ২০ তারিখে নির্বাচিত করতে চাই।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। ১১ দলীয় জোট থেকে কর্নেল অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন। তার পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।



