শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করতে হুঁশিয়ারি শ্রমিক শক্তির

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং চলমান শ্রমিক আন্দোলনে কোনো ধরনের বলপ্রয়োগ না করার দাবি জানিয়েছে ‘জাতীয় শ্রমিক শক্তি’।
সোমবার (২ নভেম্বর) গাজীপুর চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শ্রমিক শক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের নীতিনির্ধারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও দাবি উপস্থাপন করেন জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ। তার অভিযোগ, মজুরি বোর্ডে যে শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, সেখানে শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা হবে না।
ঋয়াজ মোর্শেদ বলেন, ‘সরকার দলীয় সমর্থক হিসেবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও এনজিওপন্থি শ্রমিক নেতা বাবুল আক্তারকে প্রতিনিধি করা হয়েছে, যারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হবেন। এর পরিবর্তে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সুলতান আহমেদকে শ্রমিক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করাটাই অধিক যৌক্তিক ছিল।’
চলমান শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করার কড়া হুঁশিয়ারি দিয়ে ঋয়াজ মোর্শেদ বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার অবিরাম আন্দোলনের ওপর ভর করেই তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরেছেন। অথচ আজ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আন্দোলন দমানোর চেষ্টা করা হলে পরিস্থিতি এমন দিকে মোড় নেবে, যেখানে তারেক রহমান পালানোর পথও খুঁজে পাবেন না।’
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, সংগঠনের মুখ্য সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সদস্য সচিব তৌফিকুজ্জামান পীরাচা।




