নাশকতার মামলায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর আগে, রোববার (১ নভেম্বর) রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভাণ্ডার’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
বালিজুড়ী বাজারে ফলের ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নাশকতার মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

